সকল মেনু

আগামী সপ্তাহে পেঁয়াজের দাম কমবে

হটনিউজ ডেস্ক:

ডিসেম্বরের প্রথম সপ্তাহে পেঁয়াজের বাজার দর স্বাভাবিক হয়ে যাবে- এমন আশ্বাস দিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম। আজ মঙ্গলবার বিকালে রাজধানীর আইডিইবি ভবনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়ে নিজস্ব দপ্তরে উপস্থিত সাংবাদিকদের এ আশ্বাস দেন।

মহাপরিচালক বলেন, আজ রাতে চট্টগ্রাম বন্দরে আটশ টন পেঁয়াজ খালাস হবে। যা টিসিবির কাছে ৪২ টাকা দরে বিক্রি করা হবে। এসব পেঁয়াজ সামান্য লাভে বিক্রি করা হবে। অন্যদিকে দেশের বড় মাপের আমদানিকারকদের তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির জন্যে এলসি খুলতে পরামর্শ দিয়েছি। এরই মধ্যে অনেকে এলসি খুলে পেঁয়াজ আমদানির প্রস্তুতি নিয়েছে। অনেকের নতুন এলসি খোলা পেঁয়াজ দুই এক দিনের মধ্যে দেশে এসে পৌঁছাবে। এভাবে বাজার চাহিদার তুলনায় বেশি পেঁয়াজ পর্যায়ক্রমে দেশের বাজারে আসবে।

তিনি বলেন, গত দুই দিনে ১ আগস্ট থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এক হাজার টনের বেশি পিয়াজ আমদানি করেছে এমন ৪৭ জন আমদানিকারককে তলব করা হয়। এদের মধ্যে ৪৩ জন উপস্থিত হয়েছেন। এসব আমদানিকারকের কাছে ১ আগস্ট থেকে ১৮ নভেম্বর পর্যন্ত কি পরিমাণ পরিমাণ পেঁয়াজ, কত দামে আমদানি করেছে এবং আমদানিকৃত পেঁয়াজ কার কাছে বিক্রি করেছে তার সকল তথ্য দেখতে চাই। ব্যবসায়ীরা আমাদের চাহিদামত তথ্য দিয়েছেন। এসব ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি করে মজুদ রেখেছেন, এখনো পর্যন্ত এমন তথ্য পাইনি। এখন আমদানিকারকদের কাছ থেকে কিনে আড়তদার ও পাইকারি বিক্রেতারা মজুদ রেখে বাজারে পেঁয়াজের সংকট তৈরি করছে কি না আমরা তা খতিয়ে দেখবো। এছাড়া আমদানিকারকদের অনুরোধ করেছি, যে আড়তদার ও পাইকারী ব্যবসায়ী তার কাছ থেকে পেঁয়াজ কিনেছে তাকে বলতে কোন পেঁয়াজ যেন মজুদ না করে।

সহিদুল ইসলাম বলেন, পেঁয়াজ মজুদ রেখেছে এমন তথ্য প্রমাণ পাওয়া গেলে তাকে সরকার কঠোর শাস্তির আওতায় আনবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top